নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একমত। তবে বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের সম্ভাবনা পুরোপুরি নাকচ করে দিচ্ছে না বিসিবি।
বিকল্প ভেন্যুতে খেলতে আগ্রহী বাংলাদেশ দলকে বিশ্বকাপে রাখার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্ট করে জানান, নিরাপত্তা পরিস্থিতির কোনো পরিবর্তন না হওয়ায় ভারতে গিয়ে বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ নেই।
একই সঙ্গে তিনি বলেন, বাংলাদেশের পক্ষ থেকে ভেন্যু পরিবর্তনের বিষয়টি আইসিসির সামনে না তোলায় সংস্থাটি সুবিচার করেনি।
আসিফ নজরুল বলেন, ভারতের নিরাপত্তা ঝুঁকি নিয়ে সরকারের উদ্বেগ কোনো অনুমাননির্ভর বিষয় নয়, বরং বাস্তব ঘটনার ওপর ভিত্তি করেই এই অবস্থান নেওয়া হয়েছে। ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে কী আলোচনা হয়েছে-সে বিষয়ে বিস্তারিত না জানালেও সিদ্ধান্তের জায়গায় সরকার অটল রয়েছে বলে জানান তিনি।
তবে সরকারের এই অবস্থানের মধ্যেও বিশ্বকাপে খেলার আশা ছাড়তে রাজি নয় বিসিবি।
ক্রীড়া উপদেষ্টার বক্তব্যের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশের একমাত্র লক্ষ্য বিশ্বকাপে অংশ নেওয়া।
ভারতের বাইরে অন্য কোনো দেশে, বিশেষ করে শ্রীলঙ্কায় বিশ্বকাপ আয়োজন বা ম্যাচ আয়োজনের সুযোগ থাকলে বাংলাদেশ সম্পূর্ণ প্রস্তুত।
তিনি আরও জানান, আইসিসির সঙ্গে যোগাযোগ অব্যাহত থাকবে এবং শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালানো হবে, যেন নিরাপত্তা ঝুঁকি এড়িয়ে বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে পারে।
উল্লেখ্য, আগের দিন আইসিসির বৈঠকে বিসিবিকে সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য এক দিনের সময় দেওয়া হয়েছিল। সেই আলোচনার পরও সরকার ও বিসিবি ভারতে না খেলার সিদ্ধান্তে অটল থাকলেও, বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা এখনো আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়নি।
