ইরানে মার্কিন হামলায় সন্তানসহ মা-বাবা নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরাইল সংঘাত আবারও তীব্র হয়ে উঠেছে। নতুন করে মার্কিন হামলায় ইরানের কেশম দ্বীপে একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন।

একই সময়ে কুয়েতে একটি চীনা কোম্পানির ভবনে ইরানি হামলায় এক শ্রমিক নিহত হওয়ার খবর দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

ইরানের রাষ্ট্রীয় সূত্রের বরাতে বলা হয়েছে, কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের বাহিনী একটি ভবনে বোমা হামলা চালায়। এতে এক দম্পতি ও তাদের দুই বছর বয়সী সন্তান নিহত হন।

এছাড়া কিশ দ্বীপ, বুশেহর এবং খুজেস্তান প্রদেশের চারটি স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইরানের দাবি, জানজান প্রদেশে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) তিন সদস্য নিহত হয়েছেন।

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হরমুজ প্রণালি নিয়ে তেহরানে ওমানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।

এই প্রণালি দিয়ে বিশ্বের গুরুত্বপূর্ণ অংশের তেল পরিবহন হয়, ফলে উত্তেজনা বাড়লে বৈশ্বিক জ্বালানি বাজারেও প্রভাব পড়তে পারে।

কুয়েত জানিয়েছে, দেশটির উত্তরাঞ্চলে একটি চীনা কোম্পানির ভবনে ইরানি হামলায় এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনার পর উপসাগরীয় সহযোগিতা পরিষদের মহাসচিব জাসেম মোহাম্মদ আলবুদাইউই কুয়েত ও জর্ডানের ওপর ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

অন্যদিকে আইআরজিসি দাবি করেছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বন্দর নগরী বান্দার ইমাম খোমেইনির আকাশসীমায় একটি ‘শত্রু ড্রোন’ ভূপাতিত করা হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ একটি বাড়ির ওপর পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ইরাকের সামরিক বাহিনীও জানিয়েছে, সাম্প্রতিক আঞ্চলিক হামলাগুলো তাদের ভূখণ্ড থেকে চালানো হয়েছে-এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। এর আগে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব যৌথ হামলা চালিয়েছিল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার পর ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার হুমকি দিয়েছেন। ফলে মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।