সাংবাদিক নির্যাতন: কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে

প্রতিনিধি, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে সাংবাদিক নির্যাতনের মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকালে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছাম্মৎ ইসমত আরা বেগম জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বেলা ১১টায় জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দিতে আসেন সুলতানা পারভীন।

২০২০ সালের ১৩ মার্চ দিবাগত মধ্যরাতে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের বাসায় অভিযান চালানো হয়। তাকে চোখ বেঁধে তুলে নিয়ে ক্রসফায়ারের হুমকি দেওয়া হয়। ডিসি অফিসে এনে নির্মম নির্যাতন করেন জেলা প্রশাসনের তৎকালীন আরডিসি নাজিম উদ্দিন, এনডিসি রাহাতুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা।

ওই রাতেই, আরিফের বিরুদ্ধে আধা বোতল মদ ও দেড়শ গ্রাম গাঁজা পাওয়ার অভিযোগ এনে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

সাংবাদিককে তুলে নিয়ে নির্যাতন ও সাজা দেওয়ার ঘটনায় সারা দেশে জুড়ে তোলপাড় শুরু হলে ১৫ মার্চ তাকে ছেড়ে দেওয়া হয়।কারামুক্ত হয়ে এ ঘটনায় সাংবাদিক আরিফুল ইসলাম রিগান জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন।

প্রসঙ্গত, প্রশাসনের একটি পুকুরের নামকরণ নিয়ে সংবাদ প্রকাশ ও নানা অনিয়ম নিয়ে অনুসন্ধান করছিলেন সাংবাদিক আরিফুল ইসলাম রিগান।

(হাকিম মাহমুদ/এমআর)