মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীর কাছে তিনটি বাণিজ্যিক কার্গো জাহাজে অজ্ঞাত উৎস থেকে প্রজেক্টাইল হামলার ঘটনা ঘটেছে।
যুক্তরাজ্যের ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, পৃথক তিনটি স্থানে এসব হামলার ঘটনা ঘটে।
সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ভ্যানগার্ডের তথ্য অনুযায়ী, হামলায় তিনটি ভিন্ন দেশের পতাকাবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর মধ্যে জাপানের পতাকাবাহী কনটেইনার জাহাজ ‘ওয়ান ম্যাজেস্টি’ সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ বন্দরের প্রায় ৪৭ কিলোমিটার উত্তরে হামলার শিকার হয়।
এতে জাহাজটির গায়ে প্রায় ১০ সেন্টিমিটার আকারের একটি ছিদ্র তৈরি হয়েছে এবং সেটি বর্তমানে নিরাপদ বন্দরের দিকে এগোচ্ছে।
এছাড়া মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ‘স্টার গুইনেথ’ দুবাইয়ের প্রায় ৯২ কিলোমিটার উত্তরে অজ্ঞাত আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জাহাজটির সব নাবিক নিরাপদে আছেন বলে জানা গেছে।
অন্যদিকে থাইল্যান্ডের পতাকাবাহী কনটেইনার জাহাজ ‘মাইউরি নারি’ ওমান উপকূলের প্রায় ১৯ কিলোমিটার উত্তরে আঘাতপ্রাপ্ত হলে জাহাজটিতে আগুন ধরে যায়।
থাইল্যান্ডের নৌবাহিনী জানিয়েছে, জাহাজটির ২৩ জন ক্রুর মধ্যে ২০ জনকে ওমানের নৌবাহিনী উদ্ধার করেছে।
এদিকে একই সময়ে উত্তেজনা বাড়িয়ে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, রাতে অভিযানে তারা ১৬টি ইরানি মাইন বসানো জাহাজ ধ্বংস করেছে।
হরমুজ প্রণালী কেন গুরুত্বপূর্ণ?
হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। এই প্রণালী দিয়ে বৈশ্বিক তেল সরবরাহের বড় একটি অংশ পরিবহন হয়।
তাই সেখানে এ ধরনের হামলার ঘটনায় আন্তর্জাতিক নিরাপত্তা ও জ্বালানি বাজারে উদ্বেগ তৈরি হয়েছে।
হামলার উৎস বা দায়ী পক্ষ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট দেশগুলোর নৌবাহিনী ও আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থাগুলো।
