থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন পড়ে নিহত অন্তত ২২

থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেনের ওপর নির্মাণাধীন প্রকল্পের ক্রেন ভেঙে পড়ে অন্তত ২২ জন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ৮০ জন। বুধবার সকালে দেশটির নাখন রাচাসিমা প্রদেশের সিখিও জেলায় এই দুর্ঘটনা ঘটে।

রাজধানী ব্যাংকক থেকে উবন রাচাথানি প্রদেশগামী ট্রেনটিতে ওই সময় ১৯৫ জন যাত্রী ছিলেন।

থাইল্যান্ডের পরিবহনমন্ত্রী ফিপাত রাতচাকিতপ্রাকর্ন এক বিবৃতিতে জানান, দুর্ঘটনায় ট্রেনের তিনটি বগির মধ্যে দুটি বগিতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি একটি নির্মাণস্থলের নিচ দিয়ে যাওয়ার সময় ওপর থেকে একটি বিশাল ক্রেন ভেঙে পড়ে। ওই নির্মাণকাজটি একটি উচ্চগতির রেলপথ প্রকল্পের অংশ।

ক্রেনটি ট্রেনের ওপর আছড়ে পড়ার পর ট্রেনটি লাইনচ্যুত হয় এবং অল্প সময়ের জন্য আগুন ধরে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শুরুতে হতাহতের সংখ্যা কম বলা হলেও ধীরে ধীরে তা বাড়তে থাকে। পুলিশ জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজ এখনো চলছে।

স্থানীয় বাসিন্দা মিত্র ইনত্রপানিয়া জানান, সকাল ৯টার দিকে তিনি ওপর থেকে কিছু পড়ে যাওয়ার মতো বিকট শব্দ শুনতে পান, এরপর দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।

ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেন, একটি ক্রেন যাত্রীবাহী ট্রেনের ওপর পড়ে আছে এবং একটি বগির মাঝখান দিয়ে ধাতব অংশ ঢুকে সেটিকে প্রায় দুই ভাগ করে ফেলেছে।

যে রুটে দুর্ঘটনাটি ঘটেছে, সেটি উত্তর-পূর্ব থাইল্যান্ডের অত্যন্ত ব্যস্ত একটি রেলপথ। এই লাইনের ওপর দিয়েই চীনের সহায়তায় নির্মাণাধীন উচ্চগতির রেল প্রকল্পটি প্রায় এক দশক ধরে বাস্তবায়ন করা হচ্ছে।