আন্তর্জাতিক ডেস্ক:
সুদানের দক্ষিণ কোরদোফান রাজ্যের কালোগি এলাকায় আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর ভয়াবহ হামলায় অন্তত১১৬ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে ৪৬ জনই শিশু।
আল জাজিরাকে এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা।
প্রত্যক্ষদর্শী ও সেনা সূত্র জানায়, বৃহস্পতিবার একটি কিন্ডারগার্টেন (প্রি-স্কুল) লক্ষ্য করে আত্মঘাতী ড্রোন হামলা চালানো হয়। পরে যারা আহতদের সহায়তায় এগিয়ে এসেছিলেন, তাদের ওপরও দ্বিতীয় দফা হামলা হয়। এতে বহু হতাহতের ঘটনা ঘটে। হামলায় শহরের হাসপাতাল ও একটি সরকারি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
সুদান ডক্টরস নেটওয়ার্ক জানিয়েছে, এটি ছিল পরিকল্পিতভাবে বেসামরিক স্থাপনায় চালানো হামলা, যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের মারাত্মক লঙ্ঘন। হামলার সময় উদ্ধারকর্মীরাও দ্বিতীয় দফা আক্রমণের শিকার হন।
এলাকাজুড়ে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় প্রকৃত হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইউনিসেফের সুদানের প্রতিনিধি শেলডন ইয়েট এই ঘটনাকে “শিশুদের অধিকারের ভয়াবহ লঙ্ঘন” বলে উল্লেখ করে অবিলম্বে সব ধরনের হামলা বন্ধের আহ্বান জানান।
এদিকে জাতিসংঘ সতর্ক করেছে, কোরদোফান অঞ্চলে আবারও গণহত্যার আশঙ্কা দেখা দিয়েছে। গত অক্টোবরের পর থেকে এই অঞ্চলে শুধু বিমান হামলা ও গোলাবর্ষণেই অন্তত ল২৬৯ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।
বিশ্লেষকরা বলছেন, কোরদোফান অঞ্চল এখন যুদ্ধের নতুন কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। যা দখলে এলে রাজধানী খার্তুমের দিকে সরাসরি এগিয়ে যাওয়ার পথ খুলে যাবে।
