রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারকে নিয়ে ফেইসবুকে ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন ছাত্রলীগ নেতা আসাদুল্লা-হিল-গালিব।
গালিব বাংলাদেশে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক।
ঢাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনার পর গালিবের স্ট্যাটাস ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, অনেকে এটিকে ‘হত্যার’ হুমকি হিসেবে দেখছেন।
এ ঘটনায় নিরাপত্তাহীনতা বোধ করার কথা জানিয়েছেন সালাহউদ্দীন আম্মার।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই সমন্বয়ককে হুমকি দিয়ে আসাদুল্লা-হিল-গালিব ফেসবুক পোস্টে লিখেন, “দয়া করে আমার ক্যাম্পাসের টাকে কেউ কিছু করবেন না, অনুরোধ রইলো। ওইটা শুধু আমার আর আমার ভাই মোস্তাফিজুর রহমান বাবুর ভাগ।
“ছোটভাই প্রটেকশন বাড়াও। ৮০সিসি বাইক নিয়ে একা একা ঘুরাঘুরি করো না। আর তোমার আব্বার সাদিক কায়েম হেলিকপ্টারে যাতায়াত করে তুমি অন্তত প্লেনে ঢাকা যাবা তা নাহলে যমুনার আগে ও পরে একটা কিছু হলেও হতে পারে। আমি চাই তুমি বেঁচে থাকো, অনেক হিসাব আছে।”
গালিবের এই পোস্টের মন্তব্যে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু লিখেন, “আল্লাহর কাছে দোয়া কর, যেন ওকে বাঁচিয়ে রাখে।”
এরপর সালাহউদ্দিন আম্মার তার ফেসবুক পোস্টে লিখেন, “আরে আল্লাহর জান আল্লাহ নিবে, আমি আটকানোর কে?
“জুলাইয়ের তিন মাস পর থেকেই কল, মেসেজ, ইমেইলসহ নানা মাধ্যমে পতিত স্বৈরাচারেরা হুমকি দিয়ে আসছে। এক পোস্টে হাদি ভাইয়ের পর আমাকে টার্গেট করা হয়েছে। এ জায়গায় কিছুটা নিরাপত্তাহীনতা বোধ করছি। আমরা এমন পথ বেছে নিয়েছি, হুমকি তো আসবেই। এগুলো এত গুরুত্ব দিচ্ছি না।”
