রামপাল বিদ্যুৎকেন্দ্র ছাড়লেন ভারতীয়রা

বাংলাদেশ ভারত মৈত্রী পাওয়ার প্লান্টে চাকরি করা সব ভারতীয় হঠাৎ কর্মস্থল ছেড়ে দেশে ফিরে গেছেন।

বাংলাদেশে নির্বাচনের আগে দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এ ঘটনা সামনে এলো।

এর আগে বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেয়ার তৎপরতা শুরু করে দিল্লি।

সুন্দরবন এলাকার আলোচিত রামপাল বিদ্যুৎকেন্দ্রের কেতাবি নাম বাংলাদেশ ভারত মৈত্রী পাওয়ার প্লান্ট। মূলত ভারতীয় ব্যবস্থাপনায় এই প্লান্টের কার্যক্রম চলে আসছিল।

সূত্রের খবর বলছে, এই মুহূর্তে ব্যবস্থাপনা পরিচালকসহ প্লান্টে চাকরি করা কোন ভারতীয় বাংলাদেশে নেই।

রামপালে থাকা ভারতীয় ১৬ ঊর্দ্ধতন কর্মকর্তার মধ্যে ৭ জন আগেই দেশে ফিরেছিলেন। বাকি ৯ জন শনিবার বাংলাদেশ ছাড়েন।

তারা কেউ ছুটি নেননি বলেও জানা গেছে।

তবে ব্যবস্থাপনা পরিচালক টেলিফোনে নিয়মিত যোগাযোগ রাখছেন বলে সূত্রটি জানিয়েছে।