স্পোর্টস ডেস্ক:
ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ২০২৫-এর ফাইনালে অস্ট্রিয়াকে ১-০ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে পর্তুগাল।
বৃহস্পতিবার কাতারের দোহায় খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে ৩২তম মিনিটে আনিসিও কাবরালের একমাত্র গোলই পর্তুগালের প্রথম শিরোপা নিশ্চিত করে।
প্রথমবারের মতো এ স্তরের বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। সমানতালে লড়াই জমে উঠলেও আক্রমণে ধার দেখিয়ে এগিয়ে যায় ইউরোপের বর্তমান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়ন পর্তুগাল।
অস্ট্রিয়ার হয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হিসেবে ফাইনালে আসেন জোহানেস মোসার। যার গোল সংখ্যা ছিল আট।
তবে ফাইনালে তার গোল পাওয়া হয়নি। বরং ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে নেমে দানিয়েল ফ্রাউশার ৮৫তম মিনিটে শক্তিশালী নিচু শটে পোস্টে বল লাগিয়ে অস্ট্রিয়াকে সমতায় ফেরানোর সেরা সুযোগ তৈরি করেছিলেন।
পর্তুগালের গোলদাতা কাবরালও গোল্ডেন বুটের দৌড়ে ছিলেন মোসারের চ্যালেঞ্জার। ফাইনালের গোলটি তার টুর্নামেন্টের সপ্তম, তবে এক গোলের ব্যবধানেই শীর্ষস্থানটি ধরে রাখেন মোসার।
পুরো ম্যাচটি ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। পরিসংখ্যানেও দুই দল ছিল প্রায় সমান। অস্ট্রিয়া ১৫টি ও পর্তুগাল ১৪টি গোলের সুযোগ তৈরি করে। অন টার্গেট শটে অস্ট্রিয়া এগিয়ে ছিল ৫-৪ ব্যবধানে।
ফিফার গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্টের প্রধান ও সাবেক আর্সেনাল কোচ আরসেন ভেঙার কাতারে অনুষ্ঠিত ৪৮ দলীয় প্রথম অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপকে “ফুটবলের স্বর্গ” হিসেবে অভিহিত করেন।
তিনি বলেন, “এই টুর্নামেন্ট বিশ্ব ফুটবলে পরিবর্তন আনবে। আমরা চাই প্রতিটি ফুটবল ফেডারেশন যুব উন্নয়নে আরও গুরুত্ব দিক। এই প্রতিযোগিতা সেটিই উৎসাহিত করবে।”
এর আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ব্রাজিলকে ৪-২ গোলে টাইব্রেকারে হারায় ইটালি। নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর টাইব্রেকারে জয় নিয়ে ব্রোঞ্জ জিতে নেয় ইটালিয়ানরা।
সেমিফাইনালে অস্ট্রিয়ার কাছে ২-০ গোলে হারে ইটালি, আর ব্রাজিল রোমাঞ্চকর ম্যাচে ৬-৫ ব্যবধানে পেনাল্টিতে পর্তুগালের কাছে হার দেখে।
