লাতিন-বাংলা সুপার কাপ খেলতে ঢাকায় ব্রাজিল-আর্জন্টিনার ক্লাব

স্পোর্টস ডেস্ক:

ঢাকায় জমে উঠছে লাতিন-বাংলা সুপার কাপ ফুটবলের রঙিন আয়োজন। ইতোমধ্যে ঢাকায় এসে পৌঁছেছে আর্জেন্টিনার ক্লাব অ্যাথলেটিকো চার্লোন।

বুধবার (৩ ডিসেম্বর) সকালে যাদের বহনকারী ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। এর এক দিন আগে, মঙ্গলবার (২ ডিসেম্বর) ঢাকায় পৌঁছেছে ব্রাজিলের সাও বার্নার্দো ফুটবল ক্লাব।

এই দুটি লাতিন ক্লাবের সঙ্গে টুর্নামেন্টে অংশ নিচ্ছে স্বাগতিক ফিউচার স্টার বাংলাদেশ অনূর্ধ্ব–২০। ফুটবলারদের নিয়ে সাজানো তিন দেশের তরুণদের রোমাঞ্চকর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে জাতীয় স্টেডিয়ামে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, ৫ ডিসেম্বর শুরু হয়ে ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে টুর্নামেন্ট।

উদ্বোধনী ম্যাচ: সাও বার্নার্দো বনাম ফিউচার স্টার বাংলাদেশ, ৮ ডিসেম্বর: বাংলাদেশ বনাম অ্যাথলেটিকো চার্লোন, ১১ ডিসেম্বর (শেষ ম্যাচ): সাও বার্নার্দো বনাম অ্যাথলেটিকো চার্লোন।

শুধু ফুটবলের লড়াই নয়, টুর্নামেন্টে যুক্ত হয়েছে বড় আকর্ষণ দুই কিংবদন্তির উপস্থিতি। শেষ দিনের ম্যাচে উপস্থিত থাকবেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু এবং আর্জেন্টিনার সাবেক তারকা ফরোয়ার্ড ক্লদিও ক্যানিজিয়া।

প্রতিদিন লটারির মাধ্যমে ১০ জন দর্শক তাদের সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ পাবেন বলে জানিয়েছেন এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক এমডি আসাদুজ্জামান।

ফুটবলের পাশাপাশি থাকবে সাংস্কৃতিক আয়োজনও। উদ্বোধনী দিনের বিকেলে মঞ্চ মাতাবেন জনপ্রিয় সংগীতশিল্পী নগর বাউল জেমস।

আয়োজকদের প্রত্যাশা—তিন দেশের তরুণ ফুটবলারদের একসঙ্গে খেলার অভিজ্ঞতা দর্শকদের জন্য হবে এক নতুন সংযোজন, আর স্থানীয় খেলোয়াড়দের জন্য বড় শেখার জায়গা। পাশাপাশি টিকিট মূল্য সাধারণ মানুষের নাগালে রাখার আহ্বান জানানো হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রতি, যাতে তরুণ দর্শকেরা স্বাচ্ছন্দ্যেই মাঠে আসতে পারেন।