ইউনিভার্সেল মেডিকেলে কিডনী ও বোন ম্যারো প্রতিস্থাপন বিষয়ক সেমিনার

ঢাকার ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল এবং ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে রক্তরোগ, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এবং কিডনী প্রতিস্থাপনের সর্বশেষ অগ্রগতি বিষয়ক এক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আধুনিক চিকিৎসাবিজ্ঞানে কিডনী ও বোন ম্যারো প্রতিস্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জানিয়ে সেমিনারে বিশেষজ্ঞরা বলেন, এর ফলে অসুস্থ রোগীরা সুস্থ-স্বাভাবিক জীবন ফিরে পাচ্ছেন।

বৃহস্পতিবার ইউনিভার্সেল মেডিকেল কলেজের লেকচার গ্যালারি-১ এ এই সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে মূল প্রবন্ধ ও প্রযুক্তিগত তথ্য উপস্থাপন করেন ম্যাক্স হেলথকেয়ারের সিনিয়র ডিরেক্টর (হেমাটো-অনকোলজি এন্ড বোন ম্যারো ট্রান্সপ্লান্ট) ডা. সত্যরঞ্জন দাস এবং সিনিয়র ডিরেক্টর (নেফ্রোলজি এন্ড কিডনি ট্রান্সপ্লান্ট) ডা. অনিল প্রসাদ ভাট।

তারা বোন ম্যারো প্রতিস্থাপন, জটিল রক্তরোগ এবং আধুনিক কিডনী ট্রান্সপ্লান্টেশনের আন্তর্জাতিক অভিজ্ঞতা, চিকিৎসা পদ্ধতি ও বৈজ্ঞানিক নানা দিক তুলে ধরেন।

স্বাগত বক্তব্যে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী ভবিষ্যতে এই হাসপাতালে লিভার ট্র্যান্সপ্ল্যান্ট, বোনম্যারো, বোন-জয়েন্টস ও কিডনী ট্র্যান্সপ্ল্যান্ট শুরু করার লক্ষ্যে কাজ করা হচ্ছে বলে জানান।

তিনি বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়ন ও আন্তর্জাতিক জ্ঞান বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন।

সেমিনারে নেফ্রোলজি ও কিডনী বিশেষজ্ঞ প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. শহিদুল ইসলাম (ইউরোলজিস্ট), অধ্যাপক ডা. রানা মোকাররম হোসেন (নেফ্রোলজিস্ট) এবং সহযোগী অধ্যাপক ডা. তোফায়েল আহাম্মদ (নেফ্রোলজিস্ট)।

এছাড়াও হেমাটোলজি প্যানেলে যুক্ত ছিলেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট লে. কর্নেল ডা. রুকসানা খানম (হেমাটোলজিস্ট), ডা. ফারহানা ইসলাম নীলা (ট্রান্সফিউশনিস্ট) এবং ডা. মো. আখলাক-উল-ইসলাম (হেমাটোলজিস্ট)।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাসপাতালের ডিরেক্টর (মেডিকেল সার্ভিসেস) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. এ কে মাহবুবুল হক, ডেপুটি ডিরেক্টর ডা. কাজী রফিকুল আলম ও এইমস হেলথকেয়ার লিমিটেডের সিইও মো. মুশফিকুর রহমান।

সেমিনার সঞ্চালনা করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. আনিকা মাহবুব।