জাপানে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক:
জাপানের উত্তর-পূর্বাঞ্চলে সোমবার গভীর রাতে শক্তিশালী ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

ভূমিকম্পের পরপরই জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) সুনামি সতর্কতা জারি করে উপকূলীয় এলাকাগুলোর বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। বিশেষ করে দেশটির হোক্কাইডো, আওমোরি ও ইওয়াতে প্রিফেকচারের জন্য সতর্কতা জারি হয়।

জেএমএর তথ্যমতে, সোমবার স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে উপকূলের অদূরে ভূমিকম্পটি সংঘটিত হয়। এর পর সর্বোচ্চ তিন মিটার (১০ ফুট) উচ্চতার সুনামির আশঙ্কা করা হয়।

মধ্যরাতের আগেই আওমোরির মুৎসু ওগাওয়ারা ও হোক্কাইডোর উরাকাওয়া বন্দরে ৪০ সেন্টিমিটার (১৬ ইঞ্চি) উচ্চতার সুনামি ঢেউ আঘাত হানতে দেখা গেছে।

এনএইচকে জানিয়েছে, আওমোরির হাচিনোহে এলাকার একটি হোটেলে কয়েকজন আহত হয়েছেন।

ভূমিকম্পের উপকেন্দ্র ছিল আওমোরি উপকূল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে সমুদ্রে এবং এর গভীরতা ছিল ৫০ কিলোমিটার।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র সতর্ক করে বলেছে, ভূমিকম্পের কেন্দ্র থেকে প্রায় এক হাজার কিলোমিটার এলাকায় জাপান ও রাশিয়ার উপকূলে ঝুঁকিপূর্ণ সুনামি ঢেউ দেখা যেতে পারে।

ইস্ট জাপান রেলওয়ে কোম্পানি কিছু ট্রেন সেবা বন্ধ করেছে।

ক্ষতিগ্রস্ত অঞ্চলের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলো নিরাপত্তা যাচাই করছে, তবে এখন পর্যন্ত কোনো বিপদের ইঙ্গিত পাওয়া যায়নি।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানান, পরিস্থিতি মূল্যায়নে জরুরি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। তিনি বলেন, “আমরা মানুষের জীবনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত পদক্ষেপ নিচ্ছি।”

বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ জাপান ‘রিং অব ফায়ার’ ভূ-তাত্ত্বিক অঞ্চলে অবস্থিত এবং বিশ্বের ৬.০ মাত্রা বা তার বেশি ভূমিকম্পের ২০ শতাংশই সেখানে ঘটে।

২০১১ সালে দেশটিতে ৯.০ মাত্রার ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।