ওমানে আলোচনায় বসছে ইরান-যুক্তরাষ্ট্র

সামরিক উত্তেজনার মধ্যে আলোচনার টেবিলে বসতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র।

শুক্রবার ওমানে দেশ দুটি বহুল আলোচিত পরমাণু আলোচনায় বসবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি নিশ্চিত করেছেন, স্থানীয় সময় সকাল ১০টায় ওমানের রাজধানী মাস্কাটে এই বৈঠক শুরু হবে।

বুধবার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আরাগচি জানান, ইতোমধ্যে আলোচনার সব প্রস্তুতি সম্পন্ন করেছে ওমান।

এর আগে আলোচনার ধরন ও স্থান নিয়ে মতবিরোধের কারণে বৈঠকটি অনিশ্চয়তার মুখে পড়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়।

মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, তিনি পররাষ্ট্রমন্ত্রী আরাগচিকে ‘ন্যায্য ও সমতাভিত্তিক আলোচনা’ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

যুক্তরাষ্ট্রও আলোচনায় অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে উদ্ধৃত করে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে তুরস্কে বৈঠকের পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তা ওমানে স্থানান্তর করা হয়।

ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনায় যা থাকছে

আল জাজিরার তথ্য অনুযায়ী, কাতার, তুরস্ক ও মিসরের মধ্যস্থতাকারীরা ইতোমধ্যে আলোচনার বিষয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের কাছে একটি প্রস্তাবিত কাঠামো উপস্থাপন করেছেন।

এতে অন্তর্ভুক্ত রয়েছে-

> ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম উল্লেখযোগ্যভাবে সীমিত করা।

> ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারে নিয়ন্ত্রণ আনা।

> আঞ্চলিক মিত্রদের সামরিক সহায়তা সীমিত করা।

বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের উত্তেজনার প্রেক্ষাপটে এই বৈঠক ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মোড় হতে পারে।

আলোচনার ফলাফলের ওপর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ও আন্তর্জাতিক কূটনীতিতে বড় প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।