ইরানে সরকার পতনে যুক্তরাষ্ট্রকে সার্জিক্যাল হামলা চালানোর আহ্বান পাহলভির

ইরানের শেষ শাহ’র বা রাজার ছেলে ও নির্বাসিত বিরোধী নেতা রেজা পাহলভি ইরানের সরকার পতনে বিশ্ববাসীর সহায়তা চেয়েছেন।

ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে রেজা পাহলভি বলেন, ইসলামি প্রজাতন্ত্রের পতন অবশ্যম্ভাবী।

এ সময় তিনি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিরুদ্ধে সার্জিক্যাল হামলা চালাতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান।

তার দাবি, এতে সরকার পতনের পথ সহজ হবে এবং প্রাণহানি কমবে। গত ২৮ ডিসেম্বর ইরানে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, এ পর্যন্ত দুই হাজারের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন। ইরান সরকার অবশ্য এসব ঘটনাকে বিদেশি মদদপুষ্ট দাঙ্গা বলে দাবি করছে।

এদিকে, গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে দেশটিতে ইন্টারনেট বন্ধ থাকায় হতাহতের প্রকৃত সংখ্যা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।