ইরানে বিক্ষোভে ‘হাজারো মানুষ হত্যার’ পেছনে যুক্তরাষ্ট্র-ইসরাইল জড়িত: খামেনি

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, দেশজুড়ে চলা সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভে ‘হাজারো মানুষ হত্যার’ পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরালের সঙ্গে সংশ্লিষ্ট শক্তিগুলো জড়িত।

তিনি দাবি করেন, বিদেশি মদদপুষ্ট এই আন্দোলন ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতি ডেকে এনেছে।

শনিবার শিক্ষার্থীদের সঙ্গে এক বৈঠকে দেওয়া বক্তব্যে খামেনি বলেন, ‘ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত গোষ্ঠীগুলো এই সহিংসতায় সরাসরি জড়িত ছিল। তারা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং কয়েক হাজার মানুষকে হত্যা করেছে।’

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তাঁর উদ্ধৃতি দিয়ে জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তিনি ‘অপরাধী’ হিসেবে আখ্যা দিয়েছে।

খামেনির অভিযোগ, আগের বিক্ষোভগুলোর তুলনায় এবার যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা অনেক বেশি ছিল। সর্বশেষ এই ইরানবিরোধী ষড়যন্ত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজেই সরাসরি জড়িত ছিলো বলেও তাঁর দাবি।

ইরানি কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরেই দেশটির অস্থিরতার জন্য বিদেশি শক্তিকে দায়ী করে আসছে। তাদের অভিযোগ, ইসরাইল ও যুক্তরাষ্ট্রসহ ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা ইরানের ভেতরে অস্থিরতা উসকে দিচ্ছে এবং মাঠপর্যায়ে অপারেশন পরিচালনা করছে।

তবে খামেনি সতর্ক করে বলেন, ইরান সংঘাত সীমান্তের বাইরে টেনে নেবে না, কিন্তু যাদের দায়ী মনে করা হচ্ছে, তাদের শাস্তির আওতায় আনা হবে।

এখনো পর্যন্ত বিক্ষোভে নিহতের কোনো নিশ্চিত সংখ্যা প্রকাশ করা হয়নি। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ দাবি করেছে, বিক্ষোভে আরও প্রায় ৩ হাজার মানুষ নিহত হয়েছেন। এর আগে ইরানি কর্মকর্তারা নিরাপত্তা বাহিনীর সদস্যসহ শতাধিক মৃত্যুর কথা স্বীকার করেছিলেন।

খামেনির বক্তব্যে আরও বলা হয়, বিক্ষোভকারীরা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ২৫০টির বেশি মসজিদ ও চিকিৎসা স্থাপনায় আগুন দেওয়া হয়েছে।

ইরানের সরকারি বর্ণনা অনুযায়ী, গত ২৮ ডিসেম্বর বিভিন্ন শহরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও অর্থনৈতিক সংকটের প্রতিবাদে শান্তিপূর্ণভাবে আন্দোলন শুরু হয়েছিল। পরে তা সহিংস রূপ নেয় এবং বিদেশি শক্তির নির্দেশে পরিচালিত হয় বলে দাবি করছে সরকার।

ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, বিক্ষোভের ঘটনায় প্রায় ৩ হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে আট দিন ধরে চলা প্রায় সম্পূর্ণ ইন্টারনেট বন্ধের পর ধাপে ধাপে স্বাভাবিক করা হচ্ছে। এর অংশ হিসেবে দেশজুড়ে এসএমএস সেবা পুনরায় চালু করা হয়েছে বলে জানিয়েছে আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সি।