ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে অনড় বাংলাদেশ: ক্রীড়া উপদেষ্টা

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার জের ধরে টি-টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট খেলা অনিশ্চিত হয়ে যাচ্ছে বাংলাদেশের।

ভারতে খেলতে যাবে না বাংলাদেশ। বিকল্প স্থান শ্রীলঙ্কায় খেলতে চায়। কিন্তু আইসিসি এ বিষয়ে এখনো কিছুই জানায়নি।

নিরাপত্তার বিষয়টি সামনে এনে আজ অথবা আগামীকাল নতুন করে আইসিসিকে চিঠি দেবে বাংলাদেশ।

আজ বুধবার সচিবালয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে এই বিষয়ে বৈঠক করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবলের নেতৃত্বাধীন প্রতিনিধি দল।

বৈঠক শেষে সাংবাদিকদের ক্রীড়া উপদেষ্টা বলেন, এটা এখন অপমান বা আত্মসম্মানের জায়গায় পৌঁছেছে। মর্যাদা ও সম্মানের প্রশ্নে আপস নয়।

সিদ্ধান্তে অনড় থেকে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত বলে মন্তব্য করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম।

তিনি বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুরু থেকেই ক্রিকেটারদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আমরা বিশ্বকাপ খেলতে চাই, তবে সেটি হতে হবে নিরাপদ পরিবেশে। সরকার যে অবস্থান নিয়েছে, বিসিবি সেই অবস্থানের সঙ্গেই একমত।

আইসিসি খেলার স্থান পরিবর্তনে সম্মত না হলে এই সিদ্ধান্তও পরিবর্তন হবে না বলে বৈঠক শেষে জানানো হয়।