ভারতের গোয়ায় নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে পর্যটকসহ ২৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের উত্তর গোয়ার আরপোরা এলাকায় নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪ জন পর্যটক ও ১৪ জন ক্লাবের কর্মী বলে নিশ্চিত করেছে প্রশাসন। বাকি ৭ জনের পরিচয় এখনও শনাক্ত করা হচ্ছে।

স্থানীয় সময় রাত ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে রান্নাঘরের পাশে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হয়। তবে দেশটির পুলিশ জানিয়েছে, সব সিলিন্ডার অক্ষত ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণ এতটাই ভয়াবহ ছিল যে কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো ভবন আগুনে ঢেকে যায়।

পুলিশ জানায়, অধিকাংশ মানুষ ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন। বহু মানুষ আহত হয়েছেন এবং তাঁদের চিকিৎসা চলছে গোয়া মেডিকেল কলেজে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

প্রায় দুই ঘণ্টার চেষ্টায় একাধিক ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।বর্তমানে নাইটক্লাবটি সিলগালা করা হয়েছে এবং মালিক ও ব্যবস্থাপকদের জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ফায়ার সেফটি নীতিমালা মানা হয়নি।

গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত ঘটনাটিকে “খুবই বেদনাদায়ক” বলে উল্লেখ করে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন।

বিজেপি বিধায়ক মাইকেল লোবো জানান, বেশিরভাগ নিহত ছিলেন রেস্তোরাঁর বেসমেন্টে কর্মরত স্থানীয় শ্রমিক, যারা ধোঁয়া থেকে বাঁচতে নিচে নামতেই প্রাণ হারান।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রাক্তন ওড়িশা মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কসহ একাধিক রাজনৈতিক নেতা শোক প্রকাশ করেছেন।

এছাড়া প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

নিহতদের পরিবার পাবে ২ লক্ষ টাকা করে,
আহতরা পাবেন ৫০ হাজার টাকা করে। এছাড়া উদ্ধার ও শনাক্তকরণ কাজ এখনও চলছে।