ইরানের রাজধানী তেহরানে শক্তিশালী কয়েকটি বিস্ফোরণে কেঁপে উঠেছে শহরের একটি বড় অংশ।
মার্কিন-ইসরায়েলি হামলা শুরুর পর এত কাছ থেকে এবং এত জোরালো বিস্ফোরণ এই প্রথমবার দেখা গেল বলে জানিয়েছেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শুক্রবার রাতে তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা শহরের কেন্দ্রের খুব কাছাকাছি একটি এলাকায় ঘটে। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের কয়েকটি ব্লক কেঁপে ওঠে।
বিস্ফোরণে একটি ধর্মীয় দাতব্য ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশেই থাকা একটি হাসপাতালও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘটনাস্থলটি তেহরানের অন্যতম জনবহুল এলাকা হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রাতে তেহরান ছাড়াও ইরানের ইস্ফাহান, কারাজের মত আরও কয়েকটি শহরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এদিকে বিস্ফোরণের সময়ই তেহরানের বিভিন্ন সড়কে সরকারের সমর্থনে মিছিল চলছিল।
