গাজায় পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে প্রস্তুত হামাস

গাজা শহর এবং অন্যান্য স্থানে ইসরাইলি সেনাবাহিনী হামলা অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজায় ইসরাইলের গণহত্যা বন্ধে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি মেনে নেওয়ার কথা জানিয়েছে। বুধবার এক বিবৃতিতে এ কথা জানায় সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়, হামাস ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে গাজায় একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি এবং সমস্ত ইসরাইলি জিম্মিদের মুক্তির জন্য হামাস প্রস্তুত। এছাড়া প্রতিনিয়ত ফিলিস্তিনি হত্যা ও অনাহারে মৃত্যু বন্ধে পদক্ষেপ গ্রহণে জাতিসংঘ এবং বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে তারা।

এদিকে, বুধবার গাজা জুড়ে ইসরায়েলি বোমা হামলায় কমপক্ষে ৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজন ত্রাণপ্রার্থীও রয়েছেন। এছাড়া এরমধ্যে ৪৩ জন কেবল গাজা শহরে নিহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত ২৪ ঘণ্টায় অনাহার ও অপুষ্টিতে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। গাজায় ইসরাইলের ত্রাণ অবরোধের পর থেকে অনাহারে ৩৬৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে ১৩১ জন শিশু।