নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ক্যাম্পাসে বহিরাগতদের দৌরাত্ম্য ঠেকাতে নেওয়া এক তাৎক্ষণিক পদক্ষেপ ঘিরে সমালোচনার ঝড় উঠলে দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
সোমবার দুপুরে নিজের ফেসবুক পেইজে দেওয়া এক স্ট্যাটাসে পদত্যাগের ঘোষণা দেন সর্বমিত্র চাকমা। তিনি জানান, আর দায়িত্ব চালিয়ে যাওয়ার মানসিক ও ব্যক্তিগত সক্ষমতা তার নেই।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ও শারীরিক শিক্ষা কেন্দ্র এলাকায় কয়েকজন বহিরাগতকে কান ধরে ওঠবস করানোর দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওগুলো ঘিরে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ডাকসুর এই নেতা। যদিও সমালোচনার কেন্দ্রে থাকা ওই ঘটনার পেছনে ক্যাম্পাস নিরাপত্তার দীর্ঘদিনের অব্যবস্থাপনাই মূল কারণ বলে দাবি করেন তিনি।
সর্বমিত্র চাকমার ভাষ্য অনুযায়ী, শারীরিক শিক্ষা কেন্দ্র এলাকায় বহিরাগতদের অবাধ প্রবেশ দীর্ঘদিন ধরেই একটি গুরুতর নিরাপত্তা সমস্যায় পরিণত হয়েছে। নারী শিক্ষার্থীদের হেনস্তা, মোবাইল ফোন, মানিব্যাগ ও সাইকেল চুরির মতো ঘটনা নিয়মিত ঘটলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
তিনি বলেন, শিক্ষার্থীরা আমাকে অনেক প্রত্যাশা নিয়ে নির্বাচিত করেছিলেন। ক্যাম্পাস নিরাপদ করতে রেজিস্টার্ড রিকশা চালু, নিরাপত্তা জোরদারসহ নানা প্রস্তাব প্রশাসনের কাছে দিয়েছি। কিন্তু বাস্তবতা হলো সেন্ট্রাল ফিল্ডে আজও সিসি ক্যামেরা নেই, নিরাপত্তা ব্যবস্থাও নেই।
নিজ উদ্যোগে পরিস্থিতি সামাল দিতে গিয়ে তিনি আইন ও সীমারেখার প্রশ্নে জড়িয়ে পড়েন বলে মনে করেন সর্বমিত্র।
তার দাবি, দায়িত্বের বাইরে গিয়েও একা হাতে সমস্যার সমাধান করতে চেয়েছিলেন তিনি। কিন্তু সে চেষ্টাই তাকে মানসিকভাবে বিপর্যস্ত করেছে।
