আন্তর্জাতিক ডেস্ক:
কলম্বিয়ার পূর্বাঞ্চলে ভেনেজুয়েলা সীমান্তের কাছে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে কংগ্রেস সদস্যসহ ১৫ জন আরোহী নিহত হয়েছেন।
বুধবার অনলাইনে প্রকাশিত এক বিবৃতিতে কলম্বিয়ার পরিবহন মন্ত্রণালয় বিষয়টা নিশ্চিত করেছে।
সংবাদ সম্মেলনে পরিবহনমন্ত্রী মারিয়া ফার্নান্দা রোহাস নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলমান রয়েছে।
দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও স্পষ্ট নয়। তবে নিহতদের মধ্যে দুইজন ক্রু সদস্য, একজন কলম্বিয়ার কংগ্রেস সদস্য এবং আসন্ন নির্বাচনে অংশ নেওয়া একজন প্রার্থী রয়েছেন বলে জানা গেছে।
সরকারি মালিকানাধীন বাণিজ্যিক বিমান সংস্থা সাটেনা (Satena) পরিচালিত এই ফ্লাইটটি কুকুতা থেকে ওকানিয়া শহরের উদ্দেশে রওনা হয়েছিল। উত্তর সানতান্দার বিভাগে অবস্থিত এই দুই শহরই ভেনেজুয়েলার সীমান্তবর্তী। যাত্রাপথে বিমানটি রাডার কভারেজের বাইরে চলে যায়।
স্থানীয় এয়ার ট্রাফিক কন্ট্রোল সূত্র জানায়, অবতরণের নির্ধারিত সময়ের প্রায় ১১ মিনিট আগে বিমানের উচ্চতা হঠাৎ কমে যাওয়ার তথ্য পাওয়া গেছে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে মন্ত্রী রোহাস জানান, সিভিল অ্যারোনটিকস প্রশাসনের দুর্ঘটনা তদন্ত বিভাগ বিমান HK4709-এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি খতিয়ে দেখছে।
তিনি আরও জানান, জরুরি পরিস্থিতি মোকাবিলায় ইউনিফায়েড কমান্ড পোস্ট (PMU) সক্রিয় করা হয়েছে।
বিমানটি যে এলাকায় নিখোঁজ হয়, সেটি ঘন জঙ্গলে আচ্ছাদিত দুর্গম অঞ্চল হওয়ায় উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম জটিল হয়ে পড়েছে।
নিহত যাত্রীদের মধ্যে ছিলেন দিওজেনেস কিন্তেরো, যিনি সংঘাত-ক্ষতিগ্রস্তদের জন্য সংরক্ষিত আসনে নিম্নকক্ষের সংসদ সদস্য ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন একই আসনে প্রার্থী কার্লোস সালসেদো সালাজার।
