নিজস্ব প্রতিবেদক:
দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সোমবার বঙ্গভবনে তার নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
আগামী ২৮ ডিসেম্বর বঙ্গভবনে নতুন প্রধান বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।
সংবিধান অনুযায়ী বয়সসীমা পূর্ণ হওয়ায় ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন বর্তমান প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ।
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর জন্ম ১৯৬১ সালের ১৮ মে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইনে মাস্টার্স সম্পন্ন করেন।
তিনি ১৯৮৫ সালে জজ কোর্টে এবং ১৯৮৭ সালে হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ২০০৩ সালে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক এবং পরে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ পান।
২০২৪ সালের ১২ আগস্ট তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান এবং পরদিন শপথ গ্রহণ করেন।
