সেনেগালকে হারিয়ে জয়ের উচ্ছ্বাস ব্রাজিলের

আর্জেন্টিনা অ্যাঙ্গোলার বিপক্ষে জয়ের পর লাতিন আমেরিকার আরেক পরাশক্তি ব্রাজিলও একই ব্যবধানে জিতলো।

লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে শনিবার প্রীতি ম্যাচে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ২-০ গোলে হারাল সেনেগালকে। আফ্রিকান এই দেশের বিপক্ষে এটাই ব্রাজিলের প্রথম জয়।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ব্রাজিল। চতুর্থ মিনিটেই ম্যাথিউস কুনহার শট পোস্টে লেগে ফিরে আসে। ১৭ মিনিটে আবারও তার হেড আঘাত করে ক্রসবারে। মাঝে ডি-বক্সের বাইরে থেকে ভিনিসিয়ুস জুনিয়রের শট ঠেকিয়ে দেন সেনেগাল গোলরক্ষক এদুয়ার্দো মেন্দি।

অবশেষে ২৮তম মিনিটে আসে গোল। কাসেমিরোর থ্রু বল প্রতিপক্ষের এক ডিফেন্ডারের পায়ে লেগে ডি-বক্সে পৌঁছে যায় এস্তেভাওয়ের কাছে। ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড ঠান্ডা মাথায় বাঁ পায়ের শটে বল জালে পাঠান।

৩৫তম মিনিটে ব্যবধান বাড়ান কাসেমিরো। রদ্রিগোর ফ্রি-কিক থেকে দুর্দান্ত বল পেয়ে কোনো রক্ষণভাগের নজর না থাকা অবস্থায় প্রথমে বল নিয়ন্ত্রণে নেন, এরপর মেন্দিকে পরাস্ত করেন অভিজ্ঞ এই মিডফিল্ডার।

পুরো ম্যাচে ব্রাজিল ১৪টি শট নিয়ে ছয়টি লক্ষ্যে রাখে। সেনেগাল নেয় ১১টি শট, যার মাত্র একটি লক্ষ্যে ছিল। দুই বছর আগে লিসবনে পিছিয়ে থেকেও ৪-২ গোলে জিতেছিল সেনেগাল; ২০২৩ সালেও ব্রাজিলকে হারিয়েছিল তারা। তবে সর্বশেষ পাঁচ দেখায় এটাই ব্রাজিলের প্রথম জয়।

বিশ্বকাপ বাছাইপর্ব শেষে গত মাসে দুই প্রীতি ম্যাচ খেলেছিল ব্রাজিল। দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে হারালেও জাপানের কাছে ৩-২ গোলে হেরেছিল তারা। কোচ কার্লো আনচেলোত্তির অধীনে সাত ম্যাচে এটি তার চতুর্থ জয়।

আগামী মঙ্গলবার আরেকটি প্রীতি ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।