পাকিস্তানে মসজিদে বোমা হামলা, নিহত অন্তত ১৫

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে একটি মসজিদে বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০ জনের বেশি।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার জুমার নামাজের সময় পুলিশ সদর দপ্তরের ভেতরে থাকা একটি মসজিদের প্রবেশপথে বিস্ফোরণটি ঘটে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরকবোঝাই একটি গাড়ি মসজিদের প্রবেশপথে ধাক্কা দেওয়ার পর বিস্ফোরণ ঘটানো হয়।

কোহাটের জেলা হাসপাতালের চিকিৎসক তাহির শাহ জানিয়েছেন, বিস্ফোরণের পর অন্তত ১৫ জনের মরদেহ এবং ৫০ জনের বেশি আহতকে হাসপাতালে নেওয়া হয়েছে।

আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে তিনি জানান।

বিস্ফোরণে মসজিদটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং একটি দেয়াল ধসে পড়েছে। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালানোর পাশাপাশি নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এখন পর্যন্ত কোন ব্যক্তি বা সংগঠন হামলার দায় স্বীকার করেনি। হামলার কারণ ও কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে পাকিস্তানি কর্তৃপক্ষ।