রাজধানীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা, গুলিবিদ্ধ আরও দুইজন চিকিৎসাধীন

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর তেজগাঁওয়ের তেজতুরি বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান ওরফে মুছাব্বির নিহত হয়েছে। বুধবার রাত সোয়া আটটার দিকে স্টার কাবাবের পেছনের গলিতে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে।

গুলিতে গুরুতর আহত অবস্থায় আরও হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে গুলিবিদ্ধ অবস্থায় মুছাব্বিরকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ লোকজন সড়ক অবরোধ করলে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাত সাড়ে ১০টার দিকে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়। পরে অবরোধ তুলে নেওয়া হলেও রাত গভীর হলে আবার বিক্ষোভ দেখা দেয়। নিরাপত্তা বাহিনীর ঘেরাওয়ের মধ্যেই সীমিত আকারে যান চলাচল চালু থাকে।

তেজগাঁও অঞ্চলের পুলিশের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম বলেন, হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন তিনি।

এদিকে, নিহত নেতার অনুসারীরা হাসপাতালের সামনে জড়ো হয়ে শোক ও ক্ষোভ প্রকাশ করেন। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে।