টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের ব্যাটিং-বোলিং ঝালাই করে নিল বাংলাদেশ। চট্টগ্রামে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে টাইগাররা। এতে ২-১ ব্যবধানে সিরিজ জয় পেলো বাংলাদেশ।
সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে ভাল শুরু পায়নি টাইগাররা। প্রথম পাঁচ ওভারেই দিয়েছে ৫০ রান। পরে ধারাবাহিক ভাল বোলিংয়ে উইকেট তুলে নেয় শরিফুল, মোস্তাফিজরা।
নির্ধারিত ২০ ওভারের আগেই ১১৭ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। মোস্তাফিজ ৩ ওভার বল করে ১১ রান দিয়ে নেন তিন উইকেট। আর রিশাদ হোসেন ৪ ওভার বলে করে ২১ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। এছাড়া শরিফুল নেন ২ উইকেট।
আয়ারল্যান্ডের দেওয়া ১১৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ৩৮ রানে আউট হয় ওপেনার সাইফ হাসান। পরে অল্প রানের ব্যবধানে ফেরে অধিনায়ক লিটন দাস।
পরে, আরেক ওপেনার তানজিদ তামিম আর পারভেভ ইমনের ব্যাটিং নৈপুণ্যে সহজ জয় পায় বাংলাদেশ। মাত্র ১৩ ওভার ৪ বলে জয়ের লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ। তানজিদ অপরাজিত ৫৫ ও ইমন অপরাজিত ৩৩ রান করেন।
বিশ্বকাপের আগে শেষ ম্যাচ টাইগাররা রঙিন করায় দর্শকদের চোখ থাকবে এখন বিশ্বমঞ্চে।
