সুপার কাপের ফাইনালে রাফিনহার জোড়া গোলে রিয়ালকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে বার্সেলোনা।
রোববার সৌদি আরবের জেদ্দায় সুপারকোপা দে এস্পানিয়ার ফাইনালে মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।
নাটকীয় লড়াইয়ে রিয়ালকে ৩-২ গোলে হারিয়েছে বার্সা।
হানসি ফ্লিকের দল ম্যাচের শুরুটা দারুণভাবে করলেও প্রথমার্ধের শেষভাগ পর্যন্ত রিয়াল মাদ্রিদের রক্ষণ ভাঙতে পারেনি।
বিরতির ঠিক আগে কোণাকুণি শট থেকে গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেন রাফিনহা। পরে ভিনিসিয়ুস জুনিয়রের একক নৈপুণ্যে রিয়াল মাদ্রিদ সমতায় ফিরলেও দুই মিনিটের ব্যবধানে আবারও বার্সেলোনাকে এগিয়ে নেন রবার্ট লেভানডোভস্কি।
এরপর আরও দুই মিনিটের মধ্যে গনসালো গার্সিয়া বল বার্সার জালে জড়িয়ে দিলে বিরতিতে দুই দল ২-২ সমতায় মাঠ ছাড়ে।
দ্বিতীয়ার্ধের শুরুতে লস ব্লাঙ্কোস আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। তবে ভিনিসিয়ুস একের পর এক সুযোগ তৈরি করলেও আর গোলের দেখা পাননি।
তবে ম্যাচের মাঝামাঝি সময়ে আবার ছন্দে ফেরে বার্সেলোনা। একপর্যায়ে রাফিনহার শটে আসে বার্সার জয়সূচক গোল।
রাফিনহার গোলের পর রিয়াল মাদ্রিদ কিলিয়ান এমবাপ্পেকে মাঠে নামালেও ব্যবধান সমান করতে পারেন নি তিনি।
এই জয়ের মাধ্যমে টানা দ্বিতীয়বারের মতো সুপারকোপা দে এস্পানিয়া জিতল বার্সেলোনা। পাশাপাশি লা লিগা জয়ের অন্যতম ফেভারিট হিসেবে নিজেদের অবস্থান আরও মজবুত করল কাতালানরা।
বর্তমানে পয়েন্ট তালিকায় রিয়াল মাদ্রিদের চেয়ে চার পয়েন্টে এগিয়ে থেকে স্পেনে ফিরছে বার্সেলোনা।
