নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬- এর ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোট হয়।
দিনভর কোথাও দীর্ঘ লাইন, কোথাও ধীর উপস্থিতি আবার কোথাও ভোটার কম উপস্থিতি এসব মিশ্র চিত্রের মধ্যেই ভোট শেষ হয়েছে। এখন শুরু হচ্ছে গণনা; সবার চোখ ফলাফলের দিকে।
নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বিকেলে জানান, দুপুর ২টা পর্যন্ত ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে ভোট পড়েছে ৪৭ দশমিক ৯১ শতাংশ।
এর আগে দুপুর ১২টা পর্যন্ত ভোটের হার ছিল ৩২ দশমিক ৮৮ শতাংশ। তবে শেষ ঘণ্টায় রাজধানীর কয়েকটি কেন্দ্রে উপস্থিতি কমে যাওয়ার তথ্য পাওয়া গেছে।
ভোট দিয়ে বেরিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে, অবশ্যই গন্তব্যে পৌঁছাবে।’ তিনি দাবি করেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনার বাইরে সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে।
রাজধানীর গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘আজ নতুন বাংলাদেশের জন্মদিন। আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু।’ তিনি গণভোটে অংশ নেওয়ার আহ্বান জানান।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ভোট দিয়ে বলেন, মানুষ যদি অধিকার প্রয়োগ করেন, যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব। ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস বলেন, ‘কোনো ইঞ্জিনিয়ারিংয়ের ফলাফল মেনে নেওয়া হবে না।’
ভোট চলাকালে কুমিল্লা ও গোপালগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সিলেটে জাল ভোট দিতে গিয়ে দুই কিশোর আটক হয়। ভোলায় এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে আটক করা হয়েছে।
কয়েকটি কেন্দ্রে পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগও এসেছে বিভিন্ন প্রার্থীর পক্ষ থেকে। নির্বাচন কমিশন বলেছে, অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে।
ভোট চলাকালে ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খুলনা ও কিশোরগঞ্জে পৃথক ঘটনায় অসুস্থ হয়ে অন্তত চারজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। প্রাথমিকভাবে হৃদ্রোগে আক্রান্ত হওয়ার কথা বলা হয়েছে কয়েকটি ক্ষেত্রে।
জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি সংবিধানের মৌলিক কিছু পরিবর্তন আনার প্রস্তাব নিয়ে গণভোট অনুষ্ঠিত হয়েছে। ‘হ্যাঁ’ জয়ী হলে প্রস্তাবিত সংস্কার বাস্তবায়নের পথ খুলবে।
ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন কেন্দ্র থেকে ব্যালট বাক্স প্রিসাইডিং কর্মকর্তার কার্যালয়ে আনা শুরু হয়েছে। আইন অনুযায়ী, গণনা শেষে ফলাফল ঘোষণা করবেন রিটার্নিং কর্মকর্তারা। দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার পর আয়োজিত এই নির্বাচনে অংশগ্রহণ ও ফলাফল-দুই দিকেই এখন নজর দেশবাসীর।
