চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার

শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় রমজানের ৩০ রোজা শেষে শুক্রবার সৌদি আরবে ঈদ উদযাপিত হবে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গলফ নিউজ জানিয়েছে, বুধবার সৌদি আরবের কোথাও চাঁদ দেখা যায়নি।

ফলে এ বছর দেশটিতে রমজান মাস ৩০ দিন পূর্ণ হতে যাচ্ছে।

মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতেও এখনো চাঁদ দেখার তথ্য পাওয়া যায়নি।

জ্যোতির্বিজ্ঞানীরা আগেই জানিয়েছিলেন যে, এবার ২৯ রোজা শেষে মধ্যপ্রাচ্যের আকাশে চাঁদ দেখা একেবারেই অসম্ভব হবে।

এর মধ্যে বুধবার সৌদি আরবের আকাশ মেঘাচ্ছন্ন থাকায় চাঁদ দেখা আরও কঠিন হয়ে পড়ে।

এদিকে তুরস্ক আগেই শুক্রবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেয়। আর সিঙ্গাপুর জানায়, ঈদ হবে শনিবার।

দুটি দেশই খালি চোখে চাঁদ দেখার প্রথা থেকে সরে এসে বৈজ্ঞানিক পদ্ধতিতে আরবি ক্যালেন্ডারের হিসাব কষে আসছে।

বাংলাদেশে কবে ঈদ হবে?

বাংলাদেশে সাধারণত সৌদি আরবের একদিন পর চাঁদ দেখা যায়। সে হিসেবে শনিবার ঈদ হওয়ার সম্ভাবনা বেশি।

২৯ রোজা শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় আকাশে চাঁদের খোঁজ করবে দক্ষিণ এশিয়ার দেশটি।

এ উপলক্ষে ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে চাঁদ দেখা কমিটির বৈঠক বসবে বৃহস্পতিবার বিকালে।