ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা যখন তুঙ্গে, ঠিক সেই সময় বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে উত্তরবঙ্গগামী রেলপথ।
ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসা নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি বগুড়ার আদমদীঘিতে লাইনচ্যুত হয়েছে।
বুধবার (১৮ মার্চ) বেলা আড়াইটার দিকে উপজেলার সান্তাহার জংশনের কাছাকাছি বাগবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনটির অন্তত ৯টি বগি লাইনচ্যুত হয় এবং প্রায় ৫০ জন যাত্রী আহত হন বলে জানা গেছে।
দুর্ঘটনার পরপরই উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এর ফলে নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও জয়পুরহাট জেলার সঙ্গে রেল চলাচল স্থবির হয়ে পড়েছে, যা ঈদযাত্রায় ভোগান্তি আরও বাড়িয়েছে।
আহতদের উদ্ধার করে দ্রুত নওগাঁ জেলা হাসপাতাল এবং আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অনেক যাত্রী ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সান্তাহার রেলস্টেশন মাস্টার খাদিজা খাতুন জানান, রেললাইনে পূর্ব থেকেই ত্রুটি থাকার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।
তিনি আরও বলেন, উদ্ধারকারী ট্রেন কখন ঘটনাস্থলে পৌঁছাবে তা এখনো নিশ্চিত নয়। তবে দ্রুত উদ্ধার কাজ শুরু এবং রেল চলাচল স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
এদিকে ঈদের আগে এমন দুর্ঘটনায় যাত্রীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। দ্রুত রেলপথ সচল করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
