মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধজাহাজ ‘পাঠাচ্ছে’ যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় সেখানে অতিরিক্ত মেরিন সেনা ও যুদ্ধজাহাজ পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

মার্কিন-ইসরায়েলি হামলার পর ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাল্টা হামলা চালাচ্ছে। বৈশ্বিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীও বন্ধ করে দিয়েছে তেহরান।

এসব কারণে চাপে থাকা যুক্তরাষ্ট্র এখন সমুদ্রে শক্তি বাড়ানোর চেষ্টা করছে।

প্রতিবেদন অনুযায়ী, একটি অ্যামফিবিয়াস রেডি গ্রুপ এবং ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিট মধ্যপ্রাচ্যে পাঠানো হতে পারে। সাধারণত এই ধরনের বাহিনীতে প্রায় ৫ হাজার মেরিন সেনা ও নাবিক থাকে; যারা একাধিক যুদ্ধজাহাজে মোতায়েন থাকে।

এই ইউনিটটি বর্তমানে জাপানে অবস্থান করছে। যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও, পরিকল্পনা অনুযায়ী তাদের মধ্যপ্রাচ্যে স্থানান্তর করা হতে পারে।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে- এ ধরনের সেনা মোতায়েনের পরিকল্পনা ইঙ্গিত দেয় যে, ওয়াশিংটন ইরানকে ঘিরে চলমান সংঘাতের প্রেক্ষাপটে আরও বিস্তৃত সামরিক বিকল্প বিবেচনা করছে।

প্রতিবেদনে বলা হয়েছে- এই বাহিনীর সঙ্গে অ্যামফিবিয়াস অ্যাসল্ট জাহাজও যুক্ত হতে পারে, যেটি বর্তমানে ইরান উপকূলের কাছাকাছি মোতায়েন থাকা মার্কিন নৌবহরের সঙ্গে যোগ দিতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, নতুন এই মোতায়েনের লক্ষ্য হতে পারে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিরাপদ রাখা। পাশাপাশি প্রয়োজনে সীমিত আকারে সমুদ্রপথে সামরিক অভিযান চালানোর প্রস্তুতিও থাকতে পারে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহে ইরানে ‘খুব কঠোর’ হামলার বার্তা দিয়েছিলেন।