আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় একজন ভারতীয় ও একজন বাংলাদেশি নিহত হয়েছেন। দেশটির সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে, ওই হামলায় আরও অন্তত ১২ জন আহত হয়েছেন।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, তারা সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় থাকা রাডার সিস্টেমকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে আল-খারজ এলাকাও ছিল, যেখানে হতাহতের ঘটনা ঘটেছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর থেকেই উত্তেজনা তীব্র হয়ে ওঠে।
এরপর ইরান ইসরায়েলের পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকেও লক্ষ্য করে হামলা শুরু করে।
এরই মধ্যে মঙ্গলবার সৌদি আরবে যুক্তরাষ্ট্রের দূতাবাস এবং সংযুক্ত আরব আমিরাতে মার্কিন কনস্যুলেটের ওপরও ড্রোন হামলার ঘটনা ঘটেছে।
