হাদী হত্যার প্রধান আসামী ফয়সালসহ দুইজন ভারতে গ্রেপ্তার

ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তের বনগাঁ এলাকা থেকে শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় পুলিশ।

ভারতীয় বার্তা সংস্থা এএনআই-তে এ সংক্রান্ত সংবাদ প্রকাশ হয়েছে।

পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স প্রেস রিলিজে বলেছে, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, বাংলাদেশে চাঁদাবাজি ও হত্যাসহ গুরুতর অপরাধ সংঘটনের পর দুইজন বাংলাদেশি নাগরিক ভারতে প্রবেশ করেছে।

এই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭ ও ৮ই মার্চের মাঝামাঝি সময়ে তাদের আটক করা হয়।

ভারতীয় পুলিশ আরো বলেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন ওসমান হাদিকে হত্যা করে ভারতে পালিয়ে যায়।

পরে তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে এবং ভারতের বিভিন্ন স্থানে ঘোরাফেরার পর পুনরায় বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় আসে।

এ ঘটনায় একটি মামলা দায়েরের কথাও জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। আজ আদালতে হাজির করার পর দুই আসামিকেই পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে।