তেহরানের তেলের ডিপোতে ইসরাইলের হামলা, শক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি

প্রথমবারের মতো ইরানের রাজধানী তেহারানে তেলের ডিপো ও রিফাইনারি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইল। এতে পুরো শহরজুড়ে ঘন কালো ধোঁয়ার ঢেকে গেছে।

তেহরান থেকে পাওয়া প্রতিবেদনে বলা হয়েছে, রাতভর একাধিক স্থানে জ্বালানি ডিপো ও তেল শোধনাগারে হামলা চালানো হয়। এতে রাজধানীর আকাশ ধোঁয়ায় ঢেকে যায়। দিনের আলোতেও শহরের অনেক এলাকা অন্ধকারের মতো দেখাচ্ছে।

ইসরাইলি বাহিনী জানিয়েছে, তারা ইরানের সরকারি অবকাঠামো ও জ্বালানি স্থাপনাকে লক্ষ্য করে নতুন দফা হামলা শুরু করেছে।

এসব হামলার উদ্দেশ্য ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা এবং তাদের জ্বালানি সরবরাহব্যবস্থায় চাপ সৃষ্টি করা।

অন্যদিকে ইরান বলছে, এসব হামলা বেসামরিক জীবন ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর আঘাত।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশটির বিরুদ্ধে হামলা চালানো হলে ইরান শক্তভাবে জবাব দেবে এবং আক্রমণকারীদের ছাড় দেওয়া হবে না।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের কাছে “নিঃশর্ত আত্মসমর্পণ” দাবি করেছেন। তিনি বলেছেন, তেহরানের নেতৃত্ব আত্মসমর্পণ না করা পর্যন্ত বা তাদের সামরিক সক্ষমতা ভেঙে না পড়া পর্যন্ত অভিযান চলবে।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ল জানিয়েছে, দেশটি বর্তমান গতিতে অন্তত ছয় মাস তীব্র যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম। তারা আরও উন্নত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের প্রস্তুতিও নিচ্ছে বলে জানিয়েছে।

যুদ্ধের এক সপ্তাহের বেশি সময় পার হলেও সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, এই সংঘাতে ইতোমধ্যে প্রায় ১,৩০০ মানুষ নিহত হয়েছেন এবং বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

বিশ্লেষকদের মতে, তেহরানের তেল স্থাপনায় এই হামলা যুদ্ধকে আরও বিস্তৃত ও দীর্ঘস্থায়ী সংঘাতে রূপ দিতে পারে।