জেন জি বিক্ষোভে সরকার পতনের পর অনুষ্ঠিত প্রথম জাতীয় নির্বাচনে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন নেপালের ভোটাররা।
ব্যালট পেপারে পুরনো রাজনৈতিক দলগুলোর প্রতি কার্যত বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন তারা।
বিপরীতে বড় জয় নিয়ে নেপালের মসনদে বসতে যাচ্ছে অভ্যুত্থানকারীদের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি- আরএসপি।
তিন বছর আগে গঠন হওয়া এই দলের নেতৃত্বে থাকা বালেন্দ্র শাহের প্রধানমন্ত্রী হিসেবে নেপালের দায়িত্ব নেয়া এখন কেবল সময়ের অপেক্ষা মাত্র।
কে এই বালেন শাহ?
তরুণ রাজনীতিবিদ বালেন্দ্র শাহ মূলত বালেন শাহ নামেই বেশি পরিচিত।
৩৫ বছর বয়সী এই রাজনীতিক একসময় র্যাপ সংগীতশিল্পী ছিলেন। পরে কাঠমান্ডুর মেয়র হন এবং এখন নেপালি রাজনীতির প্রধান মুখ।
তার নেতৃত্বে নতুন রাজনৈতিক শক্তি আরএসপি নেপালের রাষ্ট্রব্যবস্থায় বড় ধরণের পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে।
সংগীতশিল্পী থেকে রাজনীতিতে উত্থান
বালেন শাহ প্রথমে নেপালে জনপ্রিয়তা পান একজন র্যাপ শিল্পী হিসেবে। তার অনেক গানেই দুর্নীতি, সামাজিক বৈষম্য ও রাজনৈতিক ব্যর্থতার সমালোচনা ছিল- যা তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
২০২২ সালে বালেন শাহ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে কাঠমান্ডুর মেয়র হন। মেয়র হিসেবে তিনি নগর ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা ও সেবা উন্নয়নে কিছু উদ্যোগ নিয়ে আলোচনায় আসেন।
তরুণদের আইকন
বালেন শাহকে নেপালের জেন জি প্রজন্মের রাজনৈতিক প্রতীক হিসেবে দেখা হচ্ছে।
২০২৫ সালের তরুণদের নেতৃত্বে হওয়া বিক্ষোভের পর নেপালের রাজনীতিতে নতুন নেতৃত্বের দাবি জোরালো হয়, যা বালেন শাহের জনপ্রিয়তা বাড়িয়ে দেয়।
এবার জাতীয় নির্বাচনে তার জনপ্রিয়তায় আনুষ্ঠানিকভাবে সিল দিলেন ভোটাররা, যা দেশটির দীর্ঘদিনের ঐতিহ্যবাহী দলগুলোর আধিপত্য ভেঙে দিয়েছে।
বিশ্লেষকদের মতে, বালেন শাহের ক্ষমতা নেয়ার প্রক্রিয়া নেপালের রাজনীতিতে একটি বড় প্রজন্মগত পরিবর্তনের প্রতীক হতে যাচ্ছে।
