ক্রুজ মিসাইলের পরীক্ষা চালালো কিম জং উনের নর্থ কোরিয়া

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যে সমুদ্র থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম ক্রুজ মিসাইলের পরীক্ষা চালিয়েছে নর্থ কোরিয়া।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, বুধবার প্রেসিডেন্ট কিম জং উন নতুন ৫ হাজার টন ক্ষমতার যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রক্রিয়া তদারকি করেন।

সফল পরীক্ষার পর কিম জং উন এটিকে নর্থ কোরিয়ার সামুদ্রিক প্রতিরক্ষার নতুন প্রতীক হিসেবে উল্লেখ করেন।

নর্থ কোরিয়া এটিকে ‘স্ট্র্যাটেজিক ক্রুজ মিসাইল’ বলছে। কিম জং উন এর চেয়ে আরও উন্নত যুদ্ধজাহাজ তৈরি করতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন।

কিম বলেন, নর্থ কোরিয়ার নৌবাহিনীতে পারমাণবিক অস্ত্র সংযোজনের কাজ সন্তোষজনকভাবে এগিয়ে চলছে।

“পানির নিচে ও উপরে থেকে আক্রমণ চালানোর সক্ষমতা আমাদের নৌবাহিনীর শক্তি দ্রুত বাড়াবে।”

এদিকে সাউথ কোরিয়ার বার্তা সংস্থা ইয়নহাপ জানিয়েছে, নর্থ কোরিয়ার ‘স্ট্র্যাটেজিক ক্রুজ মিসাইল’ এ পারমাণবিক সক্ষমতা থাকতে পারে।