ইরানের হামলার মুখে মার্কিন নাগরিকদের দ্রুত মধ্যপ্রাচ্য ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
যুদ্ধ পরিস্থিতি আরও তীব্র হওয়ার শঙ্কার মধ্যে এই নির্দেশ দিল ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মিসাইল ও ড্রোন নিক্ষেপ করছে তেহরান।
ইরানী কর্তৃপক্ষের দাবি, এসব দেশে থাকা মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট জায়গাগুলোকে তারা নিশানা করছেন।
ইতোমধ্যে তেহরানের পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের অন্তত ৬ সেনা নিহত হয়েছেন।
এরই মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা ও গুরুতর নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের ১৩ দেশে থাকা নিজেদের নাগরিকদের জন্য সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র।
জরুরি নিরাপত্তা সতর্কবার্তায় দেশটির পররাষ্ট্র দপ্তর বলেছে, আঞ্চলিক পরিস্থিতি দ্রুত অবনতি ঘটতে পারে এবং যেকোন সময় সহিংসতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।
তাই সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থান করা মার্কিন নাগরিকদের যত দ্রুত সম্ভব নিরাপদে দেশ ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে।
১৩ দেশ থেকে মার্কিন নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ
মার্কিন যুক্তরাষ্ট্র নাগরিকদের সরে যাওয়ার জন্য ১৩ দেশের একটি তালিকা দিয়েছে।
এসব দেশ হলো- বাহরাইন, মিসর, ইরান, ইরাক, ইসরায়েল (পশ্চিম তীর ও গাজাসহ), জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।
পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং বিমান চলাচল বা সীমান্ত পারাপারেও বিঘ্ন ঘটতে পারে। ফলে যাত্রা বিলম্ব না করার আহ্বান জানানো হয়েছে।
