এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর আবার চালু হতে যাচ্ছে আগরতলা-ঢাকা-কলকাতা আন্তঃদেশীয় বাস সার্ভিস।
শনিবার আগরতলার কৃষ্ণনগর ডিপো থেকে একটি বাস পরীক্ষামূলকভাবে ঢাকার উদ্দেশে যাত্রা করেছে। আগামী দুই-তিন দিন এই ট্রায়াল চলবে।
২০২৪ সালে ঢাকার মসনদে পরিবর্তন আসার পর থেকেই বাংলাদেশ-ভারতের সম্পর্কের অবনতি ঘটে। তাতে যোগাযোগের বিভিন্ন রাস্তা সীমিত হয়ে যায়। বন্ধ হয়ে যায় ভিসা প্রক্রিয়া।
তবে বাংলাদেশে নতুন সরকার ক্ষমতা নেয়ার পর পরিস্থিতির উন্নতি হওয়ার আশা করা হচ্ছে।
এরই মধ্যে বাংলাদেশিদের জন্য ভিসা প্রদান প্রক্রিয়া ফের চালুর পরিকল্পনা নিয়েছে নয়াদিল্লি।
আগরতলা-ঢাকা-কলকাতা বাস বন্ধ ছিল কেন?
ভারতের আন্তর্জাতিক বাস সার্ভিস অপারেটর মনোরঞ্জন দেবনাথ জানান, মূলত বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা, ভিসার জটিলতা এবং যাত্রীর অভাবের কারণে এই সেবাটি বন্ধ করে দেওয়া হয়েছিল।
“বর্তমানে বাংলাদেশের পরিস্থিতির উন্নতি হওয়ায় আগামী সপ্তাহ থেকেই সপ্তাহে তিন দিন করে এই বাস চালানোর পরিকল্পনা করা হয়েছে।”
আগামী ২৮শে ফেব্রুয়ারি এই বাসের নিয়মিত সময়সূচী ঘোষণা করা হবে বলে জানান তিনি।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
তিনি বলেন, “বাংলাদেশে নতুন নির্বাচিত সরকার গঠনের পর অনিশ্চয়তা কেটে গেছে। এই যোগাযোগ ব্যবস্থা পুনরায় চালু হলে দুই দেশের বাণিজ্য ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে।”
তার মতে, এই কানেক্টিভিটির ফলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে আরও বেশি লাভবান হবে।
