আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় বিমান হামলা চালিয়েছে পাকিস্তান।
তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং ইসলামিক স্টেটের (আইএস) আস্তানা লক্ষ্য করে ঝটিকা হামলা চালানোর দাবি করেছে দেশটির সামরিক বাহিনী।
আফগানিস্তানের তালেবান সরকার এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে।
কাবুলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানের এই হামলায় কোন জঙ্গি আস্তানা নয়, বরং ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আল-জাজিরা জানিয়েছে, হামলায় নানগারহার প্রদেশে অন্তত ১৭ জন নিহত হয়েছেন।
আফগান কর্তৃপক্ষের দাবি, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
হামলার বিষয়ে পাকিস্তানের দাবি, সাম্প্রতিক সময়ে ইসলামাবাদসহ বিভিন্ন এলাকায় আত্মঘাতী হামলার জবাবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আফগানিস্তানের সীমান্তবর্তী নানগারহার এবং পাক্তিকা প্রদেশে এই গোয়েন্দা তথ্যনির্ভর অভিযান চালানো হয়েছে।
তাদের দাবি, সেখানে টিটিপি-র সাতটি ক্যাম্প ও গোপন আস্তানা ধ্বংস করা হয়েছে।
পাকিস্তানের অভিযোগ, ইসলামাবাদের শিয়া মসজিদে আত্মঘাতী হামলা এবং উত্তর-পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোতে হওয়া নাশকতার পরিকল্পনা আফগানিস্তানের মাটি থেকেই করা হয়েছিল।
