ইরানকে চাপে রাখতে মধ্যপ্রাচ্যে আরও রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের ওপর চাপ বাড়াতে মধ্যপ্রাচ্যে আরও একটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন ইউএসএস জেরাল্ড আর. ফোর্ডকে মধ্যপ্রাচ্যে মোতায়েন করার পরিকল্পনা জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার সাংবাদিকদের বলেন, ইরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতা না হলে বিকল্প প্রস্তুতি হিসেবে দ্বিতীয় ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পাঠানো হচ্ছে।

“যদি চুক্তি না হয়, তাহলে আমাদের এটি প্রয়োজন হবে।”

তবে আলোচনায় অগ্রগতি হলে যুদ্ধজাহাজগুলো সরে যাবে বলেও ইঙ্গিত দেন তিনি।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক বিমানবাহী রণতরী হিসেবে পরিচিত ফোর্ড ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ কয়েক মাস ধরে ক্যারিবীয় সাগরে অবস্থান করছিল। ভেনেজুয়েলা ঘিরে মার্কিন অভিযানের অংশ হিসেবে এটি সেখানে মোতায়েন ছিল।

এখন এটি মধ্যপ্রাচ্যে গিয়ে আগে থেকেই অবস্থানরত ইউএসএস আব্রাহাম লিংকনের সঙ্গে যোগ দেবে।

দুটি বিমানবাহী রণতরী একসঙ্গে মোতায়েনের ফলে ইরানকে ঘিরে সামরিক প্রস্তুতি আরও বিস্তৃত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এই পদক্ষেপ এমন এক সময়ে নেওয়া হলো, যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। তবে কূটনৈতিক আলোচনাও সমান্তরালভাবে চলছে।