ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে জেনেভায় ত্রিপক্ষীয় বৈঠক ১৭ ফেব্রুয়ারি

চার বছর পূর্তির পথে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আরেক দফা ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছে মস্কো ও কিয়েভ।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের জেনেভা শহরে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দপ্তরও বিষয়টি নিশ্চিত করেছে। রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টা ভ্লাদিমির মেডিনস্কি।

আর ইউক্রেনের পক্ষে নেতৃত্ব দেবেন জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান রুস্তেম উমেরভ।

দীর্ঘ সময় ধরে চলা যুদ্ধে রাশিয়া দোনবাসের দোনেৎস্ক অঞ্চলের অবশিষ্ট অংশ থেকে ইউক্রেনীয় সেনা প্রত্যাহার চাইছে। তবে কিয়েভ একতরফা সরে দাঁড়াতে রাজি নয়; তারা পশ্চিমা নিরাপত্তা নিশ্চয়তা দাবি করছে।

এদিকে চলমান হামলায় দুই পক্ষেই হতাহত বাড়ছে। কূটনৈতিক তৎপরতা জোরদার হলেও এখনো যুদ্ধবিরতির কোনো স্পষ্ট অগ্রগতি দেখা যাচ্ছে না।