জামায়াত প্রার্থীর ‘প্রচারে’ অস্ত্রধারী, কি ঘটেছিল চকবাজারে?

বাংলাদেশে নির্বাচনী প্রচারের প্রথম দিন ঢাকার চকবাজারে ২ জন অস্ত্রধারীকে পুলিশে দিয়েছে জনতা।

এ ঘটনাকে কেন্দ্র করে ভোটের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে ঢাকা-৭ আসনের জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা বলছেন, অস্ত্রধারীরা তাদের পিছু নিয়েছিল।

যা ঘটে চকবাজারে

ফেব্রুয়ারির ভোটকে সামনে রেখে বৃহস্পতিবার বাংলাদেশে নির্বাচনী প্রচার শুরু হয়েছে।

এদিন বিকালে চকবাজারের মৌলভীবাজার টাওয়ারে জামায়াতে ইসলামীর প্রার্থী এনায়েত উল্লাহর নির্বাচনী সমাবেশ চলছিল।

কয়েকজন প্রত্যক্ষদর্শী নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, তারা হঠাৎ ৩ যুবককে দেশীয় অস্ত্রসহ ভবনে ঢুকার চেষ্টা করতে দেখেন।

তথ্যটি মুহূর্তেই ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে থাকা লোকজন ২ অস্ত্রধারীকে ধরে পুলিশে দেয়।

ঘটনার পর জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা চকবাজার থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান।

তাদের দাবি, অস্ত্রধারীরা জামায়াতের সমাবেশে নাশকতা করতে এসেছিল।

পুলিশ বলছে, ঘটনা ভিন্ন

জামায়াতে ইসলামীর সমর্থকরা এ দাবি করলেও পুলিশ বলছে অস্ত্রধারীরা তাদের সমাবেশকে নিশানা করতে যায়নি।

পুলিশের লালবাগ বিভাগের একজন কর্মকর্তা বাংলা ইনসাইট টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, “তারা মূলত চাঁদাবাজি করতে গিয়েছিল। সেসময় ধরা পড়েছে।”