২১ জানুয়ারি জানা যাবে বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য

স্পোর্টস ডেস্ক:
অনলাইন ও অফলাইন-দুই দফা বৈঠক হলেও এখনো অনিশ্চয়তা কাটেনি বাংলাদেশের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে। ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে খেলতে অনিচ্ছুক অবস্থানেই রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) একাধিক আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার চেষ্টা করলেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।

বিষয়টি নিয়ে গত প্রায় তিন সপ্তাহ ধরে আলোচনা চলছে। ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের জন্য নির্দিষ্ট কোনো নিরাপত্তা ঝুঁকি তারা দেখছে না।

তবে এরপরও যদি বাংলাদেশ দল ভারতে খেলতে না চায়, তাহলে আইসিসির সামনে বিকল্প ব্যবস্থা নেওয়া ছাড়া উপায় থাকবে না।

এরই মধ্যে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের প্রস্তাব নাকচ করেছে আইসিসি।

এমনকি সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ আয়োজনের সম্ভাবনাও আপাতত অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে সবকিছুই এখন ঝুলে আছে বিসিবির চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।

আইসিসি সূত্র অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য চূড়ান্তভাবে নির্ধারিত হবে। ওই দিন বিসিবির সিদ্ধান্ত জানার পরই পরবর্তী করণীয় ঠিক করবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

বাংলাদেশ যদি শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়, তাহলে র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে বিকল্প দল বেছে নেওয়ার পরিকল্পনা রয়েছে আইসিসির।

সেক্ষেত্রে স্কটল্যান্ডের সুযোগ পাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। অতীতেও এমন নজির রয়েছে ২০০৯ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে জিম্বাবুয়ে সরে দাঁড়ালে তাদের পরিবর্তে খেলেছিল স্কটল্যান্ড।

বাংলাদেশের বিপক্ষে স্কটল্যান্ডের স্মরণীয় সাফল্যও আছে। ২০২১ টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে ওমানের মাঠে স্কটিশদের বিপক্ষে ৬ রানে হেরেছিল বাংলাদেশ।

এবারও একইভাবে বিশ্বকাপের মঞ্চে ফেরার অপেক্ষায় থাকতে পারে ইউরোপের দলটি।

সব মিলিয়ে, বাংলাদেশ খেলবে নাকি বিকল্প কোনো দল বিশ্বকাপে সুযোগ পাবে। এই প্রশ্নের উত্তর মিলবে আরও দুদিন পর, ২১ জানুয়ারিতে। তখনই পরিষ্কার হবে বাংলাদেশের বিশ্বকাপ অধ্যায়ের পরবর্তী অধ্যায়।