গ্রিনল্যান্ড: ৮ দেশের ওপর শুল্কারোপ ট্রাম্পের, জরুরি বৈঠকে ইইউ রাষ্ট্রদূতরা

গ্রিনল্যান্ড দখলের প্রস্তাবের বিরোধিতা করায় আটটি মিত্র দেশের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এ পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতরা আজ জরুরি বৈঠকে বসছেন।

ট্রাম্প জানিয়েছেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড থেকে আমদানি করা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

পরবর্তীতে এই শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করা হতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন।

এ বিষয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ট্রাম্পের পরিকল্পনাকে ‘সম্পূর্ণ ভুল’ বলে মন্তব্য করেছেন। এর ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক নতুন করে চাপের মুখে পড়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

ট্রাম্পের এই ঘোষণার পর ইউরোপের বিভিন্ন দেশের নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একই সঙ্গে গ্রিনল্যান্ড ও ডেনমার্কে হাজারো মানুষ রাস্তায় নেমে ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ করছেন।

বিশ্লেষকদের মতে, গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের অবস্থান ও শুল্ক আরোপের হুমকি ইউরোপ-আমেরিকা সম্পর্কের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।