গাজায় যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ‘বোর্ড অব পিস ফর গাজা’-এর প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার টনি ব্লেয়ারের নাম ঘোষণা করা হয়েছে।
হোয়াইট হাউস জানায়, বোর্ডটির চেয়ারম্যান থাকবেন ট্রাম্প নিজেই।
এতে আরও থাকছেন মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন দূত স্টিভ উইটকফ, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, বিশ্বব্যাংকের প্রধান অজয় বাঙ্গা এবং মার্কিন নিরাপত্তা উপদেষ্টা রবার্ট গ্যাব্রিয়েল।
এই বোর্ড সাময়িকভাবে গাজার প্রশাসন তদারকি এবং যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনের দায়িত্ব পালন করবে। পাশাপাশি গাজায় নিরাপত্তা নিশ্চিতে একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের পরিকল্পনাও রয়েছে।
এদিকে যুদ্ধ-পরবর্তী গাজার দৈনন্দিন শাসন ব্যবস্থার জন্য ১৫ সদস্যের একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটি গঠন করা হয়েছে।
অক্টোবর থেকে কার্যকর হওয়া যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপে গাজার পূর্ণ নিরস্ত্রীকরণ ও পুনর্গঠনের কথা বলা হয়েছে।
তবে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগে পরিস্থিতি এখনও নাজুক।
