ইরানের সঙ্গে যেসব দেশ বাণিজ্য করবে, তাদের পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
স্থানীয় সময় সোমবার (১২ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের বাণিজ্যে এই শুল্ক প্রযোজ্য হবে। তিনি লেখেন, ‘এই আদেশ চূড়ান্ত।’
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে তেহরানের ওপর চাপ আরও বাড়াতে এই ঘোষণা দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তবে ‘ইরানের সঙ্গে ব্যবসা’ বলতে ঠিক কোন ধরনের লেনদেন বোঝানো হচ্ছে, সে বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি ট্রাম্প।
চীন বর্তমানে ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। এরপর রয়েছে ইরাক, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও ভারত।
ফলে যুক্তরাষ্ট্রের এই ঘোষণার প্রভাব এসব দেশের সঙ্গে ওয়াশিংটনের বাণিজ্যিক সম্পর্কেও পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
এর আগে ইরানে চলমান বিক্ষোভে বিক্ষোভকারীদের হত্যার অভিযোগ তুলে সামরিক হস্তক্ষেপের হুমকিও দিয়েছেন ট্রাম্প। এর মধ্যেই নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিলেন তিনি।
এ বিষয়ে হোয়াইট হাউজ এখনো বিস্তারিত কিছু জানায়নি। কোন দেশ এই শুল্কে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে কিংবা শুল্ক কার্যকরের কাঠামো কী হবে, তা স্পষ্ট নয়।
এদিকে মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, ইরানে চলমান বিক্ষোভে এখন পর্যন্ত প্রায় ৫০০ বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর ৪৮ সদস্য নিহত হয়েছেন। সংস্থাটির মতে, প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে।
