সিরিয়ায় হামলা চালিয়ে আইএসকে ‘খুঁজে বের করে হত্যার’ বার্তা যুক্তরাষ্ট্রের

সিরিয়ায় আইএসের বিভিন্ন ঘাঁটিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার পর আইএসের প্রতি কড়া হুঁশিয়ারিও দিয়েছে মার্কিন বাহিনী।

ডিসেম্বরে সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বাহিনী হামলার শিকার হওয়ার পর দেশটি আইএসকে লক্ষ্যবস্তু করছে। হামলায় মার্কিন বাহিনীর ৩ সদস্য নিহত হয়েছিলেন।

জবাবে ডিসেম্বরেই ১১টি অভিযানে ২৫ আইএস সদস্যকে হত্যা ও আটকের তথ্য দেয় যুক্তরাষ্ট্র।

এরপর শনিবার আইএসের ৩৫টি লক্ষ্যবস্তুতে হামলার কথা জানালেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশের পর ব্যাপক আকারে এই হামলা চালানো হচ্ছে।

এক্স পোস্টে সেন্টকম আইএসের উদ্দেশ্যে বলেছে, যদি আমাদের যোদ্ধাদের ক্ষতি করো- তাহলে যেখানেই থাকো না কেন, তোমাদের খুঁজে বের করে হত্যা করা হবে।

বিশ্বজুড়ে দুর্বল হয়ে পড়লেও সিরিয়ায় এখনো আইএসের যোদ্ধারা সশস্ত্র লড়াই চালিয়ে যাচ্ছে।