চীন ও রাশিয়াকে ঠেকাতে গ্রিনল্যান্ড প্রয়োজন: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া ও চীনকে ঠেকাতে গ্রিনল্যান্ডের ‘মালিকানা যুক্তরাষ্ট্রের হাতে থাকা জরুরি। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে মালিকানা প্রয়োজন। লিজ দিয়ে নিরাপত্তা রক্ষা করা যায় না।

ট্রাম্প আরও বলেন, আমাদের গ্রিনল্যান্ড রক্ষা করতে হবে। এটা করা হবে সহজ উপায়ে অথবা কঠিন উপায়ে। তার এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ তৈরি করেছে।

তিনি দাবি করেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেখানে রাশিয়া ও চীনের উপস্থিতি বাড়ছে। যদিও এ দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ দেননি। ট্রাম্প বলেন, চীন ও রাশিয়ার জনগণকে ভালোবাসি, কিন্তু গ্রিনল্যান্ডে তাদের প্রতিবেশী হিসেবে চাই না।

হোয়াইট হাউস জানিয়েছে, ন্যাটোভুক্ত দেশ ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড কেনার বিষয়টি বিবেচনায় রয়েছে এবং প্রয়োজনে বলপ্রয়োগের পথও বাতিল করা হয়নি। তবে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, এই ভূখণ্ড বিক্রির জন্য নয়।

ডেনমার্ক সতর্ক করে বলেছে, গ্রিনল্যান্ডে সামরিক পদক্ষেপ নেওয়া হলে তা ন্যাটো জোটের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে। ইউরোপের বড় দেশ ও কানাডাসহ ডেনমার্কের ন্যাটো মিত্ররা সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের পক্ষে অবস্থান নিয়েছে।

উল্লেখ্য, গ্রিনল্যান্ডে বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি রয়েছে এবং সেখানে শতাধিক মার্কিন সেনা মোতায়েন আছে। এর আগেও ২০১৯ সালে গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প, যা ডেনমার্ক প্রত্যাখ্যান করেছিল।