ওমেগা-৩ সমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে ঢাকায় উদ্ভাবনী কর্মশালা

উন্নত পুষ্টিগুণসম্পন্ন ওমেগা-৩ সমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনের লক্ষ্যে ঢাকায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টারের ‘এজ’ সাব-প্রজেক্টের অধীনে তেজগাঁওয়ে বেঙ্গল মিটের প্রধান কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, ‘ওমেগা-৩ সমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনের জন্য খাদ্যে নিউট্রাসিউটিক্যাল ফিড অ্যাডিটিভের ব্যবহার’ শীর্ষক এই প্রকল্পের উদ্দেশ্য হলো বৈজ্ঞানিক উদ্ভাবনের মাধ্যমে পোল্ট্রি খাদ্যে পরিবর্তন এনে সাধারণ মুরগির মাংসকে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ করা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ইয়াসমিন আক্তার। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মোস্তাফিজুর রহমান এবং বেঙ্গল মিট এর প্রধান নির্বাহী কর্মকর্তা এ এফ এম আসিফ।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেঙ্গল মিট এর কন্ট্রাক্ট ফার্মিং ডেভেলপমেন্ট ম্যানেজার এবং প্রকল্পের প্রধান গবেষক কৃষিবিদ ইমরুল কায়েস। সভাপতিত্ব করেন ‘বিএইউ-আরআইসি’ এর চিফ কো-অর্ডিনেটর অধ্যাপক আব্দুল আউয়াল।

কর্মশালায় বক্তারা আশা করেন, ব্রয়লার মুরগির খাদ্যে মাছের তেল, তিসি বা চিয়াসিডের মতো পুষ্টিকর উপাদান যোগ করে উৎপাদিত এই ওমেগা-৩ সমৃদ্ধ মাংস পুষ্টির পাশাপাশি হৃদরোগের ঝুঁকি কমাতেও সাহায্য করবে।