ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্কারোপে ট্রাম্পের সবুজ সংকেত

আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ার সঙ্গে তেল ও জ্বালানি বাণিজ্য চালিয়ে যাওয়া দেশগুলোর বিরুদ্ধে সর্বোচ্চ ৫০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা দিতে পারে এমন এক কঠোর নিষেধাজ্ঞা বিলে সবুজ সংকেত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম জানিয়েছেন, হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর তিনি এই সমর্থন পেয়েছেন। প্রস্তাবিত বিলে ভারত, চীন ও ব্রাজিলের মতো দেশগুলো সম্ভাব্যভাবে লক্ষ্যবস্তু হতে পারে।

রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম ও ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেনথালের যৌথভাবে প্রণীত এই ‘রাশিয়া নিষেধাজ্ঞা বিল’ পাস হলে, যেসব দেশ জেনে-বুঝে রাশিয়ার তেল, গ্যাস বা ইউরেনিয়াম কিনবে-তাদের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সর্বোচ্চ ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক ও সেকেন্ডারি স্যাংশন আরোপ করতে পারবেন।

বিলটির উদ্দেশ্য রাশিয়ার সামরিক কর্মকাণ্ডের অর্থের জোগান বন্ধ করা।

গ্রাহাম বলেন, “এটি সময়োপযোগী পদক্ষেপ। ইউক্রেন শান্তির জন্য ছাড় দিচ্ছে, অথচ পুতিন শুধু কথার ফুলঝুরি ছড়িয়ে নিরীহ মানুষ হত্যা চালিয়ে যাচ্ছেন।”

হোয়াইট হাউসের এক কর্মকর্তাও অ্যাসোসিয়েটেড প্রেসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রাহামের ভাষ্য অনুযায়ী, বিলটি আগামী সপ্তাহেই ভোটে উঠতে পারে।

তবে এর সম্ভাব্যতা এখনো অনিশ্চিত। কারণ, সিনেটের সামনে রয়েছে একটি সীমিত আকারের সরকারি অর্থায়ন প্যাকেজ, যা আগে নিষ্পত্তি হতে পারে। এরপর মার্টিন লুথার কিং জুনিয়র ডে উপলক্ষে সিনেটের অবকাশ রয়েছে।

এর আগে হোয়াইট হাউস বিলটিতে কিছু সংশোধন ও প্রেসিডেন্টের জন্য নমনীয়তা চেয়েছিল। সেগুলো আদৌ যুক্ত হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

উল্লেখ্য, প্রায় চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে ট্রাম্প প্রশাসন আলোচনা চালাচ্ছে। এ প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্টের জামাতা জ্যারেড কুশনার প্রধান আলোচক হিসেবে যুক্ত রয়েছেন।

বিশ্লেষকদের মতে, বিলটি পাস হলে ভারতের মতো রাশিয়ার তেল আমদানিকারক দেশগুলোর ওপর বড় ধরনের অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ তৈরি হতে পারে।